প্রকাশিত: Wed, Aug 16, 2023 8:55 PM
আপডেট: Thu, Mar 12, 2026 4:43 PM

[১]পাকিস্তানের ফয়সালাবাদে ধর্ম অবমাননার অভিযোগে ৫টি গির্জা ভাঙচুর

মোস্তাফিজুর রহমান: [২] বুধবার দেশটির পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলার জারানওয়ালা এলাকায় কমপক্ষে পাঁচটি গির্জায় ভাঙচুর চালানো হয়েছে। সূত্র: অন লাইন ডন।

[৩] খ্রিস্টান নেতা আকমাল ভাট্টি বলেন, মসজিদগুলোতে উষ্কানিমূলক ঘোষণা দেওয়ার পর হামলাকারীরা এই কাণ্ড ঘটায় এবং তারা পরিত্যক্ত বাড়িঘরগুলো থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে।

[৪] দ্য ডনকে দেওয়া এক সাক্ষাতকারে জারানওয়ালার প্যাস্টর ইমরান ভাট্টি বলেন, স্যালভেশন আর্মি চার্চ, ইউনাইটেড প্রেসবাইটেরিয়ান চার্চ, অ্যালাইড ফাউন্ডেশন চার্চ এবং শেহরুনওয়ালা চার্চে ভাঙচুর চালানো হয়। খ্রিস্টান এক পরিচ্ছন্নকর্মীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই হামলা চালানো হয় এবং আমার বাড়িও ধসিয়ে দেওয়া হয়েছে।

[৫] পাঞ্জাবের পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেন, ওই এলাকায় সরু এক রাস্তায় ২-৩টি ছোট গির্জা ও একটি বড় গির্জা রয়েছে। গির্জাগুলোর একটি অংশে কয়েকজন ভাঙচুর চালিয়েছে। 

[৬] উসমান আনোয়ার আরও বলেন, ওই এলাকার অ্যাসিস্টেন্ট কমিশনার একজন খ্রিস্টান। তার বিরুদ্ধে স্থানীয়রা ক্ষেপে উঠলে তাকে সরিয়ে নেওয়া হয়।

[৭] এক্স এ দেওয়া এক পোস্টে চার্চ অব পাকিস্তানের প্রেসিডেন্ট বিশপ আজাদ মার্শাল বলেন, দুর্বৃত্তরা বাইবেল অবমাননা করেছে, খ্রিস্টানদের ওপর নিপীড়ন চালিয়েছে। আমাদের ওপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে যে আমরা পবিত্র কোরআন অবমাননা করেছি।

[৮] তিনি আরও বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কাছে ন্যায়বিচার ও সুষ্ঠ পদক্ষেপের দাবি জানাই। [৯] বিশপ আজাদ মার্শালের পোস্টটি শেয়ার করে পাকিস্তানের তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক এক্স- এ লিখেন, ফয়সালাবাদ থেকে বেরিয়ে আসা ভিজ্যুয়াল দেখে আমি হতবাক। যারা আইন লঙ্ঘন করবে এবং সংখ্যালঘুদের টার্গেট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।